আনইনস্টল হয়ে যাবে পুরোনো এজ ব্রাউজার

৬ ফেব্রুয়ারি, ২০২১ ২২:৪৩  
প্রায় দুই দশক ইন্টারনেট এক্সপ্লোরার দিয়ে ব্রাউজার মার্কেটে অনেকটাই আধিপত্য বিরাজ করেছে মাইক্রোসফট। সময়ের সাথে তাল মেলাতে না পেরে পিছিয়ে পড়ে ব্রাউজারটি। তবে বাজার ধরে রাখতে উইন্ডোজ ১০ এর সাথে একেবারেই নতুন এজ ব্রাউজার উন্মোচন করে সফটওয়্যার জায়ান্টটি। তবে মাইক্রোসফটের নিজস্ব এজএইচটিএমএল রেন্ডারিং ইঞ্জিন ব্যবহার করে প্রথম সংস্করণের ব্রাউজারটি নিয়েও বেশিদিন আগাতে পারেনি কোম্পানিটি। এরই ধারাবাহিকতায় ২০১৯ সালে মাইক্রোসফট জানায়, গুগলের ক্রোমিয়াম সফটওয়্যারের সুবিধা নিয়ে ব্রাউজারটিকে ঢেলে সাজানো হচ্ছে। পুরোনো এজ ব্রাউজটিকে আর রাখতে চাচ্ছে না মাইক্রোসফট। আর তাই উইন্ডোজ ১০ থেকে পুরোনো এজ ব্রাউজার আনইনস্টল করবে মাইক্রোসফট। আর যাদের পিসিতে নতুন ক্রোমিয়াম-নির্ভর ব্রাউজার নেই সেখানে ইনস্টল করে দেয়া হবে। এপ্রিলের ১৩ তারিখে নতুন নিরাপত্তা প্যাচ ছাড়বে মাইক্রোসফট। ঐ নিরাপত্তা প্যাচটিই পুরোনো ব্রাউজার সরিয়ে নতুনটি ইনস্টল করে দেবে। ডিবিটেক/বিএমটি